
টাঙ্গাইল প্রতিনিধি:
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার -এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের প্রাঙ্গনে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে এ ফগার মেশিন দিয়ে মশা নিধন করা হয়। অভিযানের অংশ হিসেবে জেলা পরিষদের বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির এ কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
তিনি বলেন,শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
জেলা পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।