
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ঝটিকা মিছিল করায় ২৪ ঘণ্টায় চার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
রোববার সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহান শেখ সুজন, শহর ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ, নবগঠিত জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ দপ্তর সম্পাদক মো. হেদায়েতুল্লাহ ও সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খোকন মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সোহান শেখ ওরফে সুজনের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি কিছুক্ষণ পর ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মিছিলের নেতৃত্ব ও অংশগ্রহণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে এবং গভীর রাতে আরো একজনকে গ্রেফতার করে ।
সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।