ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের আট তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হলেও চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’
তিনি বলেন, ‘কন্ট্রোল রুমে আগুন লাগার কারণে ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ বড় না হলেও ধোঁয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।’
এদিকে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘নতুন ভবনের ১১ নম্বর লিফটের বাইরের প্লাস্টিকের কাভারিংয়ের নিচের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কাভারিং বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। ওই সময় লিফটটি চালু ছিল না। তবে পাশের অন্যান্য লিফট চালু ছিল।’
তিনি বলেন, ‘আগুন ও ধোঁয়া দেখে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকেন। এ সময় দু-একজন আহত হয়ে থাকতে পারেন। তবে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।’
হাসপাতালের উপপরিচালক বলেন, ‘অগ্নিকাণ্ডে হাসপাতালের কোনো ওয়ার্ডের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের প্রকৃত কারণ এবং বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’