
নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াত নেতার বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৯০০ কেজি ইউরিয়া সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
অবৈধভাবে সার মজুদের অভিযোগে কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে মনিরুলের বাসায় অটোরিকশাযোগে ইউরিয়া সার নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান। অভিযানে মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা অর্থাৎ ৯০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ওই ব্যক্তি একজন ডিলারের কাছ থেকে ১৮ বস্তা ইউরিয়া সার নিয়ে তাঁর বাসায় রেখেছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা সারগুলো জব্দ করি এবং তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।