
মোঃ আজিজুল হাকিম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের প্রতারিত করার অপচেষ্টা রুখতে এবং নকল ও ভেজাল কীটনাশক বিক্রি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (০২ অক্টোবর) উপজেলার বারই হাটে অবস্থিত ‘মেহেদী ট্রেডার্স’ নামক কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু উপায়ে ভেজাল ও নিম্নমানের কীটনাশক বিক্রির অপরাধে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে বাজারে ভেজাল কীটনাশক বাজারজাতকরণ ও বিক্রির অভিযোগ ছিল। তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায়:খুচরা বিক্রেতা মেহেদীর কাছ থেকে ২০,০০০ (বিশ হাজার) টাকা এবংডিলারের প্রতিনিধির কাছ থেকে ২০,০০০ (বিশ হাজার) টাকা,সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে উক্ত দোকান থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ নকল ও ক্ষতিকর কীটনাশক ঘটনাস্থলেই জব্দ করেন আদালত।
অভিযানকালে সার্বিক দিকনির্দেশনা ও কারিগরি তথ্য-সহায়তা প্রদান করেন ফুলবাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান জানান, “কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের অসদুপায় রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর মনিটরিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”