
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’সহ ফিরোজ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি। শুক্রবার ( অক্টোবর) সকালে জীবননগর ফিলিং স্টেশন হতে তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদকবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন। আটক ফিরোজ হোসেন জীবননগর থানার শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চলমান চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির একটি দল, শুক্রবার সকাল সাড়ে ৬ টার সময় সীমান্ত পিলার ৬৭-এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয় । হাবিলদার হাসমত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানকালে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।এসময় তার কাছ থেকে ৭৫ বোতল অবৈধ ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ ও মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।