
ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার কিছু পর গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। প্রধানমন্ত্রীর মা, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসনে নির্বাচন করতেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সেখানে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
একদিনের সফর শেষে আজ সন্ধ্যায়ই ঢাকায় ফেরার কথা রয়েছে বলেও জানান আতিকুর রহমান রুমন।
ফেনীতে প্রধানমন্ত্রীর কর্মসূচি
বৃহস্পতিবার বেলা দুপুর ১২টায় পশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং বেলা সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্য ধর্মাবলম্বীদের সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ফেনীতে তারেক রহমানের এটিই প্রথম সফর।
এর আগে, সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে এক নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।