
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)” শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় এই পেশাজীবীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ও বাস্তবায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক লুৎফুল নাহার।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি উপজেলায় সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সমাজসেবা অফিসার সাঈদ আল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক পেশাজীবীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সফট স্কিলের গুরুত্ব তুলে ধরেন। মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে নির্বাচিত প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতিদিন একেক জন পেশাজীবীকে ১হাজার টাকা করে সম্মানী দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী একটি সনদের পাশাপাশি ১৮ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া তাদের দক্ষতা মূল্যায়নের জন্য ছয় মাস পর ফলোআপ প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আয়নাল হক, প্রশিক্ষক উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন প্রমুখ