
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।
বুধবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ধানগড়া মৎস্য আড়তে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির জন্য রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আড়তে বিক্রির জন্য রাখা প্রায় ১০০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাছ বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরে জব্দ করা মাছগুলো রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ফেলে ধ্বংস করা হয়।
রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ দেশীয় মাছের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।’
তিনি আরও বলেন, নিষিদ্ধ এ মাছের বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে উপজেলা মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ মাছ বিক্রি বা বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।