
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মজুত করার অপরাধে মেসার্স মল্লিক গ্যাস ঘর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর কলেজ রোড এলাকায় অভিযান চালিয় গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা- অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌর কলেজ রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স মল্লিক গ্যাস ঘর’ নামের একটি প্রতিষ্ঠানে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত ও প্রদর্শন করে আসছিল। আইন অমান্য করে এবং জননিরাপত্তা বিঘ্নিত করে অনুমোদনহীন ভাবে এই ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে লাইসেন্স ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসা না করার জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়। প্রতিষ্ঠানটিকে দ্রুত লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে গ্যাস মজুত না করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।