
মোঃ হেলাল উদ্দিন, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলখ্যাত নাচোল উপজেলার বিস্তীর্ণ মাঠ এখন আমন ধানের সবুজে ছেয়ে গেছে। চোখ যতদূর যায়, দিগন্তজোড়া মাঠে দেখা মিলছে সবুজের সমারোহ। মৃদু বাতাসে দুলছে পুষ্ট আমন ধানের গাছ। কৃষকের নিবিড় পরিচর্যায় ইতোমধ্যে অনেক জমির ধান ‘থোড়’ পর্যায়ে পৌঁছেছে। প্রতিটি থোড়েই যেন লুকিয়ে আছে হাজারো কৃষকের স্বপ্ন ও প্রত্যাশা।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বৃষ্টিপাত হওয়ায় নাচোলের বিভিন্ন এলাকায় আমন ধানের প্রবৃদ্ধি ভালো হয়েছে। মাঠ ঘুরে দেখা গেছে, ধানের গাছগুলো বেশ পুষ্ট হয়ে উঠেছে। কোথাও কোথাও থোড় বের হতে শুরু করেছে। কৃষকদের আশা, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে অল্প কিছুদিনের মধ্যেই থোড় থেকে বের হবে কাঙ্ক্ষিত সোনালি শিষ।
স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক মাস ধরে তীব্র রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা আমন ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। জমিতে নিয়মিত সেচ, সার ও কীটনাশক প্রয়োগের পাশাপাশি রোগবালাই থেকে ফসল রক্ষায় প্রতিনিয়ত নজরদারি করতে হচ্ছে। ভালো ফলনের আশায় পরিবারের অন্য কাজের পাশাপাশি দিনের বড় একটি সময় তারা মাঠেই কাটাচ্ছেন।
কৃষকদের ভাষ্য, আমন ধান তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। ফলন ভালো হলে উৎপাদন খরচ মিটিয়ে সংসারের প্রয়োজন মেটানোর পাশাপাশি কিছুটা সঞ্চয় করাও সম্ভব হবে। তাই ধানের প্রতিটি কাণ্ড ও থোড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা।
বরেন্দ্র অঞ্চলের কৃষকদের আশা, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকবে এবং বড় ধরনের রোগবালাই বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে না। সুষ্ঠুভাবে ধান ঘরে তুলতে পারলে এবারের আমন মৌসুম তাদের মুখে হাসি ফোটাবে—এমন প্রত্যাশাই এখন মাঠজুড়ে।