
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সীমানাপ্রাচীর নেই, ভেঙে গেছে টিনের বেড়া। ফলে দিনের বেলায় গরু-ছাগলের অবাধ বিচরণ, আর রাত গভীর হলেই বিদ্যালয়ের বারান্দায় বসে মাদকসেবীদের আড্ডা। পাশের দুটি হোটেলের বর্জ্যের দুর্গন্ধেও ব্যাহত হচ্ছে পাঠদান। এমন নানা সমস্যায় অরক্ষিত হয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়। এতে বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যা চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৫ জন শিক্ষক ও তিনজন কর্মচারীর নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রয়েছে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অর্জন। সাঁতারে প্রথম, সংগীতে দ্বিতীয় স্থান অর্জনসহ কবিতা আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তবে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ে স্থায়ী সীমানাপ্রাচীর নির্মাণ না হওয়ায় প্রতিষ্ঠানটি কার্যত অরক্ষিত অবস্থায় রয়েছে। টিনের বেড়ার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় বহিরাগতদের অবাধ প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে রাতের আঁধারে মাদকসেবীরা বিদ্যালয়ের বারান্দায় আড্ডা বসায়। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিদ্যালয়ের নৈশপ্রহরীও রাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, রাতের বেলায় বিদ্যালয়ের বারান্দায় কত কিছুই ঘটে। সবকিছু তো আর বলা সম্ভব নয়।
সহকারী শিক্ষক আনোয়ার হোসেন জানান, বিদ্যালয়ের পশ্চিম পাশে ১৫০ ফুট, উত্তরে ২০০ ফুট, পূর্বে ১৫০ ফুট এবং দক্ষিণে ২০০ ফুট সীমানাপ্রাচীর নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করা হলে দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা যাবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ের মাঠে গরু-ছাগলের অবাধ বিচরণ রয়েছে। টিনের বেড়া ভেঙে যাওয়ায় রাতের বেলায় মাদকসেবীরা সহজেই ভেতরে প্রবেশ করে। বিদ্যালয়কে মাদকের আড্ডামুক্ত ও শিক্ষার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
বিদ্যালয়ের মাঠে ছাগল চরাতে আসা খোদেজা বেগম বলেন, পতিত কোনো মাঠ না থাকায় তাঁর চারটি ছাগল নিয়মিত এখানে নিয়ে আসেন।
প্রধান শিক্ষক গকুল চন্দ্র বলেন, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ ও মাঠে মাটি ভরাট করা হলে শিক্ষার পরিবেশের ব্যাপক উন্নতি হবে। শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগ দিতে পারবে।
প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি রমজান আলী বলেন, বিদ্যালয়ে মাদকসেবীদের আনাগোনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে পুলিশ। এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরপর দুই দিন বিদ্যালয়ে সরেজমিনে এসে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের নিয়ে সমাবেশ করেছেন। বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ ও মাঠে মাটি ভরাটের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ ও মাঠে মাটি ভরাটের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ে আবেদন করা হলে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।
এদিকে বিদ্যালয়ের সামনের এলাকায় শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনায় পুলিশের পদক্ষেপের কথা জানিয়েছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম খান। তিনি বলেন, গত ২৭ অক্টোবর ইভটিজিংয়ের অপরাধে দুজনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। শুধু সাময়িক পুলিশি নজরদারি নয়, প্রয়োজন স্থায়ী সীমানাপ্রাচীর, মাঠ সংস্কার ও নিয়মিত তদারকি। অন্যথায় দীর্ঘদিনের সুনাম ধরে রাখা এ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে থেকে যাবে।