রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৩ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার সাধারণ কৃষকদের কাছে নির্ধারিত ও ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দিকে উপজেলার নিমগাছি বাজারে ‘রিয়া ট্রেডার্স’ নামের সার ও কীটনাশকের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানটির স্বত্বাধিকারী নিপেন্দ্র নাথ মাহাতোকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোকানটিতে অভিযান চালান রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা ১১ বস্তা টিএসপি, ৭ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা এমওপি সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিম হোসেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা সার সাধারণ কৃষকদের কাছে নির্ধারিত ও ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। সার বিক্রির কার্যক্রম উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন ও মো. সেলিম রেজার তত্ত্বাবধানে পরিচালিত হয়।
কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।