
মোঃ জসিম মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুর জেলা শহরের নয়আনী বাজার সড়কে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বস্ত্র দোকান কর্মচারীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শেরপুর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাজন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার।
কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি নিয়ে আলোচনা হলেও প্রত্যাশিত সমাধান হয়নি। তাই দাবি আদায়ে তারা আন্দোলনের কর্মসূচি পালন করছেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে শ্রমিকরা পাঁচ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—শেরপুর বস্ত্র মালিক সমিতির সভাপতির পদত্যাগ, বস্ত্র দোকান কর্মচারীদের শতভাগ বোনাস নিশ্চিত করা, বার্ষিক ছুটির তালিকায় ১৫ দিন ছুটি অন্তর্ভুক্ত করা, শ্রমিকদের আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ এবং মৃত্যুকালীন সময়ে ১৫ হাজার টাকা ভাতা প্রদান।
শ্রমিকরা বলেন, তাদের ন্যায্য দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।