
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ।
সিরাজগঞ্জের সলঙ্গায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি মহিলা ফুটবল ম্যাচ। এতে নারায়ণগঞ্জ একাদশকে ২-১ গোলে হারিয়েছে বিআরএফসি (সিরাজগঞ্জ একাদশ)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নলকা ফুলজোড় ডিগ্রি কলেজ মাঠে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট কমিটির উদ্যোগে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণাত্মক ফুটবল খেলেন। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সিরাজগঞ্জ একাদশ দুই গোল করে এগিয়ে যায়। নারায়ণগঞ্জ একাদশ একটি গোল পরিশোধ করলেও সমতা ফেরাতে পারেনি। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় পায় সিরাজগঞ্জ একাদশ।
খেলা দেখতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। মহাসড়কের পাশে মাঠ হওয়ায় আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ খেলা দেখতে আসেন। একপর্যায়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কলেজের বাউন্ডারি ওয়াল, ভবনের ছাদ এবং মহাসড়কের ওভারব্রিজের ওপরও দর্শকদের অবস্থান নিতে দেখা যায়।
আয়োজক কমিটির সভাপতি ও নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ক্রীড়ানুরাগী আব্দুল লতিফ সরকার জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ফুলজোড় কলেজ মাঠে বিভিন্ন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
ম্যাচে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলাকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ