
মো:সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টহলদলটি শ্যামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
জব্দ করা মদের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা এবং ফেন্সিডিলের মূল্য ১১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৭ হাজার ২০০ টাকা। পরে জব্দ করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।