
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ(১৩ সেপ্টেম্বর) রবিবার দুপুরে
গ্রেপ্তার দুইজনকে পাঠাতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মো. অন্তর (২২) ও মো. ইয়াছিন (২০)। একই এলাকার মো. মারুফ (২২) এ ঘটনায় পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকচালক আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্তরা ১০০ টাকায় ইজিবাইকটি রিজার্ভ করে সোহাগী যাওয়ার কথা বলে। পথে বৈরাটি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের গলায় চাকু ঠেকিয়ে গাড়ি থামানো হয়। একপর্যায়ে তাঁর বাম হাতে চাকু দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করা হয়।
চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ ও তাঁর দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। পরে তাঁদের কাছ থেকে ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।
আহত চালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে আছেন। আটক দুজনকেও গণপিটুনিতে আহত হওয়ায় সেখানে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।