
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে ছয়জনকে আটক করেছে ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছিল—এমন অভিযোগে স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের আটক করা হয়েছে বলে দাবি সংগঠনটির।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাটিকুমরুল এলাকার ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে তাদের আটক করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
সংগঠনটির সদস্যদের দাবি, আটক ছয়জনের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। নারীদের বাড়ি বগুড়ার মোকামতলা উপজেলায় এবং পুরুষদের বাড়ি উল্লাপাড়া উপজেলায়। আটক ব্যক্তিদের মধ্যে একজন ওই আবাসিক হোটেলের ম্যানেজার বলে সংগঠনটির সদস্যরা জানিয়েছেন।
‘জেন জি আলোড়ন’-এর সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল ইসলাম জানান, হোটেলটিতে দীর্ঘদিন ধরে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দাবি। রোববার খবর পেয়ে তারা হোটেলটিতে গিয়ে ছয়জনকে আটক করেন।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
হোটেলে অভিযান চালানোর অনুমতি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, “অসামাজিক কাজ চলছিল বলেই তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছি।”
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য তাদের সলঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে। ‘জেন জি আলোড়ন’ সংগঠনটি সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে।”