
মো. আতিকুর রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বক্তব্য দেন।
এ ছাড়া ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, এনসিপি নেতা নাজমুল ফেরদৌস লাভলু, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, বিজিবির প্রতিনিধি, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী আনন্দ এবং ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাহফুজ বক্তব্য দেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুলসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।