
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে ১ কেজি ওজনের একটি অবৈধ গাঁজার গাছ উদ্ধারসহ মো. আব্দুল্লাহেল শাফি (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত অপর আসামি মো. হুমায়ুন কবির (৪৫) আত্মগোপনে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ (বৃহস্পতিবার) রাত ৮:১৫ ঘটিকায় উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া (দরগাপাড়া) গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আসামিরা মো. হুমায়ুন কবিরের ভোগদখলীয় জমিতে অবৈধভাবে গাঁজা চাষ করে আসছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আনুমানিক ৬ ফুট লম্বা ও ১ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধারসহ মো. আব্দুল্লাহেল শাফিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা সম্পর্কে পরস্পর ভাই এবং দুজনেই ওই গ্রামের মো. আব্দুল গনি মন্ডলের ছেলে।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানায়, গ্রেফতারকৃত ১ নং আসামি মো. আব্দুল্লাহেল শাফিকে আজ (১১ সেপ্টেম্বর ২০২৬) বিজ্ঞ নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার ২ নং এজাহারনামীয় পলাতক আসামি মো. হুমায়ুন কবিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।