
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাহিরগোলা বাজারে ভোজ্য তেল, চিনি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রি, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ না থাকা এবং মূল্য তালিকা হালনাগাদ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানকালে বাহিরগোলা বাজারে ভোজ্য তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের মূল্য নির্ধারণ ও বিক্রির ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে মূল্য তালিকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রির প্রমাণ পাওয়ায় এবং পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় মেসার্স রিমা ট্রেডার্সের ম্যানেজার মো. শাকির ইমাম তালুকদারকে ২০ হাজার টাকা এবং মেসার্স এ. রহমান ট্রেডিংয়ের ম্যানেজার মো. শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
এ ছাড়া অভিযানের পাশাপাশি জেলার বিভিন্ন বাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিত্যপণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি রোধ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।