
পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, অপরাধী ও কিশোর গ্যাংয়ের কোনো সদস্যকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোকে তার স্থান হবে জেলই। তবে কেউ ভালো হওয়ার প্রতিশ্রুতি দিলে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলে বিষয়টি আইনগতভাবে বিবেচনা করা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার তুরুকবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয়দের উদ্দেশে পুলিশ সুপার বলেন, এত মানুষ যদি মাদকের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তুরুকবাড়িয়া এলাকায় কারও মাদক বিক্রি করার সাহস থাকবে না। আপনারা কথা দিন, এই এলাকায় যে-ই মাদক বিক্রি করবে, তাকেই ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন। আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, কিছু লোক ‘ব্ল্যাক হোল’ নামে একটি ক্লাবের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্ম চালিয়ে আসছিল। তাদের গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের নাম ব্যবহার করে কেউ যদি মাস্তানি করে, তাহলে তার জায়গা জেলেই হবে।
তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকাবাসী সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আবদুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান (মকে)।