
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে নৌকা বাইচের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ঢাকা ব্যাংকের অর্থায়নে মুকুন্দগাঁতি ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলা থেকে আসা ৮টি পানসি এবং ৬টি কোসা নৌকা অংশ নেয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে লাখো মানুষের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে দর্শনার্থীরা নৌকার পাল্লা দিয়ে ছুটে চলার দৃশ্য উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
নৌকা বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান, পূর্বানী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম এবং সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক ও সদস্য সচিব আলম প্রামাণিক।
নৌকা বাইচ শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা নগদ অর্থ পুরস্কার তুলে দেন।