
মোঃ আমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে সীরাতুন্নবী (সা.) আলোচনা ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফেরদৌস হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা রুহুল আমিন হামিদী, উপজেলা শুরা সদস্য সাজ্জাদ হোসেন, রোকনুজ্জামানসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতা-কর্মীরা।
আলোচকরা তাঁদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সমাজে ন্যায়, ইনসাফ, নীতি-আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ ছাড়া বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী ও আদর্শ বাস্তব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ ও আমল করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।