
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় ছানোয়ার হোসেন নামে এক কৃষককে হত্যায় তার বন্ধুসহ ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৩ আগষ্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই দণ্ডাদেশ দেন। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজার আদেশ প্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চরবেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হীরা মানিক, আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের মো. মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।
ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় বাদীর এজাহার সূত্রে জানা যায়, বন্ধুত্বের সুবাদে কৃষক ছানোয়ার হোসেনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেয় পার্শ্ববর্তী চরবেড়া গ্রামের হীরা মানিক। ধার নেওয়ার পর যথাসময়ে টাকা ফেরত দিতে গরিমসি করছিলেন তিনি। পাওনা টাকা ফেরত পেতে কৃষক ছানোয়ার বন্ধু হীরা মানিককে চাপ দেয়। এক পর্যায়ে পাওনা টাকার বিষয়টি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
এরই এক পর্যায়ে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় হীরা মানিক ফোন করে ছানোয়ার হোসেনকে ডেকে নেয়। এরপর থেকেই ছানোয়ারের সন্ধান পায়নি তার পরিবার। চারদিন পর গত ১২ জুলাই সকালে উপজেলার সূর্য নদীতে ছানোয়ারের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিকের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।
সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বিকেলে চার্জশীটে অভিযুক্ত ৬ আসামীকেই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।