
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কার্ভাড ভ্যান থামিয়ে ছিনতাই করা কোটি টাকা মূল্যের ২৩ বস্তা চুল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজ এলাকা থেকে ওই চুলের বস্তাগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কার্ভাড ভ্যান চালক ও ম্যানেজারকে থানায় নেয়া হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার ঢাকা থেকে ২৩ টি বস্তায় প্রায় ৪০০ কেজি চুল কিনে প্রক্রিয়াজাত করার জন্য কুরিয়ারযোগে চুয়াডাঙ্গায় আনেন কয়েকজন ব্যবসায়ী। পরে সমিতির নিজস্ব কার্ভাড ভ্যানযোগে চুলের বস্তাগুলো কার্পাসডাঙ্গা এলাকার প্রসেসিং কারখানায় নেয়া হচ্ছিল। দুপুরে কোষাঘাটা এলাকায় পৌঁছালে কার্ভাড ভ্যানটির গতিরোধ করেন ৭-৮ জন ব্যক্তি। একপর্যায়ে জোরপূর্বক চুলের বস্তা নিয়ে তারা পালিয়ে যান তারা। খবর পেয়ে ঘটনাটি তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশসহ একাধিক টিম। পরে আজ ভোরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজ এলাকা থেকে ওই চুলের বস্তাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ছিনতাইয়ের সাঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।