
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা থানার তাড়াশ-সলঙ্গা সড়কের সংযোগকারী জোড়পুকুর বাজার-ধুবিল আমতলা পাকা সড়কের আমশড়া এলাকায় সড়ক ধসে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশ ঘেঁষে অপরিকল্পিতভাবে পাড়বিহীন পুকুর খননের ফলে টানা বর্ষণে সড়কের একাংশ পুকুরে বিলীন হয়ে গেছে। এতে শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে শামসুল হক (তারা মাস্টার)-এর বাড়ি পর্যন্ত এলাকায় সরোয়ার, খালেক, মালেক ও তারা মাস্টার গং দীর্ঘদিন ধরে রাস্তার পাশ ঘেঁষে পাড় না রেখে পুকুর খনন করে মাছ চাষ করছেন। আষাঢ় মাসের টানা বর্ষণে ওই অংশের সড়ক ধসে পড়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বর্তমানে সিএনজি অটোরিকশা, অটোরিকশা, ভ্যান ও রিকশাসহ ছোট যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জরুরি রোগী পরিবহনেও সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার এবং অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রায়গঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জানান, রাস্তার পাশ থেকে অন্তত ১০ ফুট দূরে পাড় রেখে পুকুর খনন করতে হবে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুকুর মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।