
সিরাজগঞ্জ প্রতিনিধি
দীর্ঘদিন পর আগামী ৩০ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রে ইতিমধ্যেই ২৫টি বুথ নির্মাণ করা হয়েছে।
এ নির্বাচনে ৩ হাজারেরও বেশি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাধারণ শ্রমিকরা জানান, তারা সৎ, যোগ্য ও শ্রমিকবান্ধব প্রার্থীদেরকেই তাদের নেতা হিসেবে বেছে নিতে চান।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা জেলার বিভিন্ন উপজেলায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং শ্রমিকদের সমর্থন আদায়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজ উদ্দিন (কাউন্সিলর) বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতার কারণে এতদিন নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই এই নির্বাচনের উদ্যোগ নিয়েছি। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করাই আমাদের মূল লক্ষ্য।”
নির্বাচন কমিশন জানিয়েছে, ১৫টি পদের মধ্যে সভাপতি পদে মনিরুজ্জামান মনি এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৩টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান শাকিল মো. শরিফুর হায়দার রফিক সরকার জানান, স্বতঃস্ফূর্ত পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে চিঠি দেওয়ার পাশাপাশি কেন্দ্রস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত এই নির্বাচনকে ঘিরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে এবং তারা সাধারণ শ্রমিকদের কল্যাণে কাজ করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় শ্রমিকদের।