
মোঃআমিনুর রহমান ভূরুঙ্গামারী
(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ, গাঁজা সেবনের সরঞ্জামসহ কুখ্যাত মাদক কারবারি মো. মজনু আলম (৫৫)কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া মজনু আলম চর খলিশাকুড়ি (২ নম্বর ওয়ার্ড) গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী থানার পুলিশ ও বিজিবির সদস্যরা চর খলিশাকুড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে মজনু আলমের বাড়ি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় মজনু আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকাতে এগিয়ে আসা স্থানীয় দুই যুবকের হাতে কামড় দিয়ে রক্তাক্ত করেন। তবে পুলিশ ও বিজিবির সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা সম্ভব হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মজনু আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।