
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হাসান (২৫) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের ছিনতাইকৃত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাখাড়া এলাকার খৈচালা বিল থেকে নাঈমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা বিলের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পরপরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ জানায়, এ ঘটনায় মো. শামীম উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার রাতে জেলার তাড়াশ উপজেলা থেকে আটক করা হয়।
গ্রেপ্তার শামীম তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাঁতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার একটি স্থান থেকে নিহত নাঈমের অটোরিকশাটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া অটোরিকশাটি শামীমের হেফাজতেই ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম দাবি করেন, অটোরিকশাটি তিনি কিনেছিলেন। তবে তার এই দাবির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। এ ঘটনায় সংঘবদ্ধ কোনো চক্র জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”