
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর অটোরিকশা চালক জাহের আলী হত্যা মামলার প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাসেল উপজেলার তেলিজানা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবু হাসেমের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় তার অবস্থান নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর র্যাব-৪–এর সদস্যদের সহযোগিতায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে শনিবার (২ মে) ভোররাতে সলঙ্গা থানার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান জানান, “গত কয়েকদিন ধরে আমরা রাসেলের অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম। সে বারবার স্থান পরিবর্তন করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, অটোরিকশা চালক জাহের আলীর হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
২১ এপ্রিল কালিকাপুর এলাকার নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম- জাহের আলী আকন্দ (৬৫)। তিনি সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।হত্যা করে তার অটোরিকশা টি নিয়ে যায় দুর্বৃত্তরা।