
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া জমজ দুই ভাইয়ের খোঁজ মিলেছে । গতকাল মঙ্গলবার (৩১মার্চ ) গাজীপুর উপজেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার মামা ভাগ্নে হোটেলের সামনে থেকে হারিয়ে যাওয়া দুই যমজ ভাইকে উদ্ধার করে পুলিশ।
বুধবার (১লা এপ্রিল) সন্ধ্যায় এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাফর ইমাম।
উদ্ধারকৃত শিশুরা হলেন, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার ছাত্র।
জানা যায়, গত রোববার সকালে তাদের বাড়ি ধীতপুর গ্রাম থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে নিখোঁজ হয় তারা। মাদ্রাসা ও স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। তিন দিন পর বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তাদের গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করে।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, গত রোববার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে রাসেল রানা ও রাশেদুল ইসলাম নামের দুই শিশু নিখোঁজ হয়। পরবর্তীতে আমরা অনেক খোঁজাখুঁজির পর তাদের দুজনকে গাজীপুর উপজেলার কালিয়াকৈর মামা ভাগ্নে হোটেল থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার পরবর্তী সময়ে আইগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিভাবকদের হাতে তুলি দেওয়া হবে।
এরআগে এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজদের বাবা মো. নজরুল ইসলাম।