
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২, সিরাজগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (২২ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মোঃ ইসমাইল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
র্যাব জানায়, উদ্ধারকৃত হেরোইন সরবরাহ কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) র্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।