
নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকায় নিষিদ্ধ কারেন্ট জালে আটকা পড়া প্রায় ৯ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করেছেন পরিবেশকর্মীরা।
শুক্রবার রাত ১২টার দিকে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সদস্য সংগঠন সবুজ বাংলা-এর পরিবেশকর্মীরা সাপটি উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে সাপটিকে নিরাপদ একটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
বিবিসিএফের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী জানান, সারাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় সংগঠনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দাঁড়াশ সাপ বিষহীন এবং কৃষকের বন্ধু হিসেবে পরিচিত। তাই এ ধরনের সাপ দেখলে আতঙ্কিত না হয়ে উদ্ধারকারী সংস্থা বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
এ সময় উদ্ধার অভিযানে পরিবেশকর্মী বাঁধন, মনির, সুব্রত, শাকিব, আলিফ ও সাহেদসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।