
মোঃআমিনুর রহমান ,ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১ জুলাই ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন অর্থ সহায়তা প্রদানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ জনকে জনপ্রতি ২,৫০০ টাকা এবং ৩০ জনকে জনপ্রতি ১০,০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, সেক্রেটারি ফেরদৌস হোসেনসহ বনিক সমেতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক দোকান পুড়ে যায় এবং প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়।
তাৎক্ষণিক বিষয়টি নিয়ে সংসদে কথা বলি এবং নিজস্ব প্যাডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আবেদন করি। আজ এই অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার করে নগদ অর্থ তুলে দেন।