
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে সভাপতি এবং আইনজীবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
বুধবার (৯ সেপ্টম্বর) সিরাজগঞ্জ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় জেলার বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট লিটন সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাহবুব-এ-খোদা টুটুল, সিপিবির জেলা সভাপতি ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক নুরুল ইসলাম, আনোয়ার হোসেন তালুকদার, শরিফুল ইসলাম জিন্নাহ, নজরুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হীরক গুণ, হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, জনতার কণ্ঠ.কম এর সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল, দৈনিক শ্যামল বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ গৌর, তৃণমূল হিন্দু পরিষদের নেতা রতন কুমার বাঁশফোর, পরিবেশ সমিতির সভাপতি শ্যামল কুমার প্রমূখ।
মতবিনিময় সভায় রায়পুরে জংশন স্থাপনের দাবী বাস্তবায়নে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সকল কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।