1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারে ‍গিয়ে নিখোঁজ সানজিদা, আড়াই মাসেও সন্ধান নেই প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগে দুই বিএনপি নেতাকে শোকজ সিরাজগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু বেনাপোল সীমান্তে ১৫ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য আটক শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিচর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ; স্বামী পলাতক! ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার সম্ভাবনার শিল্পে হতাশার শুরু, টেক্সটাইল ছাড়ছেন তরুণ প্রকৌশলীরা

সম্ভাবনার শিল্পে হতাশার শুরু, টেক্সটাইল ছাড়ছেন তরুণ প্রকৌশলীরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

 

 

বুটেক্স প্রতিনিধিঃ

 

একটি কাপড়ের বুনন যত শক্তই হোক, সুতার টানাপোড়েন বাড়তে থাকলে কোথাও না কোথাও ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশের টেক্সটাইল শিল্পেও দক্ষ জনবল ধরে রাখার প্রশ্নটি অনেকটা তেমন। বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে ইন্ডাস্ট্রির প্রোডাকশন লাইনে এসে তরুণ প্রকৌশলীরা স্বপ্ন দেখেন নিজেদের জ্ঞান ও দক্ষতা দিয়ে শিল্পকে এগিয়ে নেওয়ার।

 

কথায় আছে, ‘শুরুটা ভালো হলে শেষটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে।’ কিন্তু কর্মজীবনের শুরুতেই যখন দীর্ঘ কর্মঘণ্টা, প্রত্যাশার তুলনায় কম বেতন এবং পেশাগত উন্নয়নের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, তখন সেই স্বপ্নের সঙ্গে বাস্তবতার দূরত্ব তৈরি হয়। একসময় যে শিল্পকে ঘিরে তাঁরা ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছিলেন, সেই শিল্প ছেড়েই অনেকে খুঁজতে শুরু করেন বিকল্প পথ।

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ছে না টেক্সটাইল সেক্টরে কর্মরত অনেক নবীন প্রকৌশলীর বেতন। ফলে কর্মজীবনের শুরুতেই আর্থিক চাপ, ব্যক্তিগত জীবনের জন্য পর্যাপ্ত সময়ের অভাব এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কেউ এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাচ্ছেন, কেউ আবার ব্যাংকিং, সরকারি চাকুরি কিংবা অন্যান্য করপোরেট সেক্টরে গড়ছেন নতুন ক্যারিয়ার। তাঁদের অভিজ্ঞতায় উঠে আসছে বেতন, কর্মপরিবেশ, কাজের চাপ এবং একাডেমিক শিক্ষা ও শিল্পের বাস্তবতার মধ্যকার ব্যবধানের চিত্র।

 

 

বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাক ফুয়াদ রহমান মাবিন স্কয়ার স্পিনিং মিলস লিমিটেডে প্রায় তিন বছর কাজ করার পর বর্তমানে অগ্রণী ব্যাংকে কর্মরত আছেন। টেক্সটাইল সেক্টর ছেড়ে সরকারি চাকুরীতে যাওয়ার পেছনে দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা, কাজের চাপ এবং প্রত্যাশার তুলনায় অপর্যাপ্ত আর্থিক সুবিধাকে দায়ী করেন তিনি। টেক্সটাইল সেক্টরে কাজের অভিজ্ঞতা থেকে তাঁর উপলব্ধি, কর্মজীবনের শুরুতে এসব বিষয় তরুণ প্রকৌশলীদের পেশাগত সন্তুষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলে।

 

 

মাবিন বলেন, “একজন তরুণ প্রকৌশলীর কাছে চাকরি শুধু মাস শেষে বেতন পাওয়ার মাধ্যম নয়; এটি নিজের দক্ষতা প্রমাণ, অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার জায়গাও। কিন্তু পরিশ্রমের সঙ্গে প্রাপ্তির ব্যবধান দীর্ঘ হতে থাকলে কর্মক্ষেত্রের প্রতি আগ্রহে ভাটা পড়তে পারে। তখন বিকল্প পেশার সন্ধান অনেকের কাছে নিছক উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা হয়ে ওঠে।”

 

বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো: রাবী সিদ্দিকী বর্তমানে ফকির ফ্যাশন লিমিটেডের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিভাগে কর্মরত আছেন। এর আগে তিনি আবুল খায়ের গ্রুপে (সাবেক রবিনটেক্স গ্রুপ) কাজ করতেন। তাঁর চাকরি পরিবর্তনের পেছনে মূল কারণ ছিল প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তনের পর চলমান ব্যবস্থাপনাগত রূপান্তর। নতুন মালিকানায় প্রতিষ্ঠানটিকে আরও সুসংগঠিত করার প্রক্রিয়া চললেও সেই পরিবর্তনের মধ্যবর্তী সময়ে একজন নবীন প্রকৌশলী হিসেবে পর্যাপ্ত শেখার সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের সুস্পষ্ট দিকনির্দেশনা খুঁজে পাচ্ছিলেন না তিনি। ফলে পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভালো শেখার পরিবেশ এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ বিবেচনায় দ্রুত চাকুরী পরিবর্তন করে ফকির ফ্যাশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

 

রাবী সিদ্দিকী বলেন, “ আমরা এমন একটি সময়ে সেখানে যোগ দিয়েছিলাম, যখন প্রতিষ্ঠানটি রূপান্তরপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল। সেখানে কাজ করার পর যখন দেখলাম, শেখার সুযোগ ও ভবিষ্যৎ ক্যারিয়ারের একটি স্পষ্ট দিকনির্দেশনা পাচ্ছি না, তখন আরও ভালো সুযোগের সন্ধানে প্রতিষ্ঠান পরিবর্তনের সিদ্ধান্ত নিই। বর্তমানে ফকির ফ্যাশনে কাজের পরিবেশ অনেক বেশি সুসংগঠিত এবং শেখার সুযোগও ভালো। মূলত নিজের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই এই পরিবর্তন।”

 

 

একজন প্রকৌশলীর শিক্ষাজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নিজের পায়ে দাঁড়ানোর লড়াই। কারও কাঁধে পরিবারের দায়িত্ব, কারও সামনে নিজের আবাসন, যাতায়াত ও দৈনন্দিন ব্যয়ের হিসাব। এমন পরিস্থিতিতে চাকরির বেতন শুধু একটি পেশাগত সুবিধা নয়; হয়ে ওঠে জীবনযাপনের সক্ষমতা নির্ধারণের অন্যতম উপাদান।

 

বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আসিফ জয়ও কর্মজীবন শুরু করেছিলেন টেক্সটাইল খাতে। বর্তমানে তিনি আইএফআইসি ব্যাংকে কর্মরত আছেন। টেক্সটাইল থেকে ব্যাংকিং খাতে যাওয়ার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, বর্তমান বাজারদরে টেক্সটাইল খাতে চাকরির শুরুতে পাওয়া বেতন দিয়ে অনেক তরুণের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়ে। পরিবারের দায়িত্ব থাকলে সেই চাপ আরও বেড়ে যায়।

 

তাঁর অভিজ্ঞতায়, ব্যাংকিং খাতের তুলনামূলক নির্দিষ্ট কর্মপরিবেশ, কাজের সময়ের ভারসাম্য, ক্যারিয়ার উন্নয়নের সুযোগ ও সামাজিক গ্রহণযোগ্যতা তরুণদের আকৃষ্ট করে। ফলে টেক্সটাইল খাতের প্রাথমিক বেতন ও কর্মপরিবেশের সঙ্গে অন্য খাতের সুযোগ-সুবিধা তুলনা করে অনেকে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

 

তাওহীদুল ইসলাম শিশির বুটেক্সের ৪৭তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ফকির অ্যাপারেলসের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন। তবে চাকরি শুরুর কিছুদিন পরেই তা ছেড়ে দেন। তার অভিজ্ঞতায় চাকরি ছাড়ার কারণ হিসেবে উঠে এসেছে কম বেতন, দীর্ঘ কর্মঘণ্টা ও সীমিত ক্যারিয়ার গ্রোথ।

 

টেক্সটাইল খাতের চিত্র একমাত্রিক নয়। স্পিনিং, নিটিং, ডাইং, গার্মেন্টস প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল ও মার্চেন্ডাইজিংসহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান সরাসরি প্রয়োগের পাশাপাশি উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের সুযোগও তৈরি হয়। অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে পেশাগত উন্নয়নের সম্ভাবনাও বাড়তে পারে।

 

বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. তানজিরুল ইসলাম বর্তমানে ফকরুদ্দিন টেক্সটাইল মিলসের ডাইং সেকশনে কর্মরত। তাঁর মতে, ক্যারিয়ারের শুরুর দিকে দীর্ঘ কর্মঘণ্টা, প্রতিকূল কর্মপরিবেশ এবং প্রত্যাশার তুলনায় কম বেতনের মতো চ্যালেঞ্জ থাকলেও এই সময়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তবে তরুণ প্রকৌশলীদের দীর্ঘমেয়াদে ধরে রাখতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।

 

তানজিরুল বলেন, “টেক্সটাইল সেক্টরে তরুণ প্রকৌশলীদের ধরে রাখতে প্রতিযোগিতামূলক বেতন ও একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।”

 

চাকুরী ক্ষেত্র পরিবর্তনের প্রবণতার প্রভাব নিয়োগদাতাদের ওপরও পড়তে পারে। একজন প্রকৌশলীকে নিয়োগের পর প্রশিক্ষণ দেওয়া, কাজ শেখানো এবং উৎপাদনপ্রক্রিয়ার সঙ্গে পরিচিত করে তুলতে প্রতিষ্ঠানকে সময় ও অর্থ বিনিয়োগ করতে হয়। তিনি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান পরিবর্তন করলে আবার নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের প্রয়োজন দেখা দেয়। এতে কাজের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ফলে একদিকে তরুণ প্রকৌশলীরা উন্নত সুযোগের সন্ধান করছেন, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোও প্রশিক্ষিত কর্মী ধরে রাখার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

 

এ বিষয়ে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন বলেন, “টেক্সটাইল খাতে প্রকৌশলী ও কর্মকর্তাদের বেতন নির্ধারণে সর্বজনীন মানদণ্ডের অভাব রয়েছে। তাঁর ভাষ্য, বিজিএমইএ ও বিকেএমইএর কাছে এ বিষয়ে একটি মানদণ্ড প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। তবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নিজেদের নীতিমালা অনুযায়ী বেতন নির্ধারণ করে। শ্রমিকদের জন্য কিছু ক্ষেত্রে বেতন কাঠামো থাকলেও প্রকৌশলী ও কর্মকর্তাদের ক্ষেত্রে তেমন অভিন্ন ব্যবস্থা নেই।”

 

তবে তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে প্রথম এক-দুই বছর বেতনের দিকে না তাকিয়ে ভালো একটি ইন্ডাস্ট্রি ও ভালো একটি বিভাগে কাজ করে কাজ শেখার প্রতি গুরুত্বারোপ করেন। তাঁর মতে, যদি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ শিখতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন, তাহলে দুই-তিন বছরের মধ্যে তাঁর বেতন অনেক বেড়ে যাওয়ার সুযোগ থাকে।

দৃশ্যপট/ এইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com