
মো:রুবেল মিয়া,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে আখি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী খোকন মিয়া ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলম মিয়া বাদী হয়ে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মেয়েকে পরিকল্পিতভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে দাবি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। নিহত আখি আক্তার (২৫) মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের আলম মিয়ার মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১১ বছর আগে মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের শুকতা গ্রামের আলম মিয়ার মেয়ে আখির সঙ্গে পাশের শেওয়াইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে মো. খোকন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। পরে কিছুদিন পর খোকন প্রবাসে চলে গেলে আখির জীবনে ঘোর দুঃখ নেমে আসে। শ্বশুর বাড়ির লোকজন তার ওপর প্রতিনিয়ত চালায় পাশবিক নির্যাতন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আখি আক্তারের সঙ্গে স্বামী খোকন মিয়া প্রবাস থাকার পরও দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতো বলে অভিযোগ করেছেন তাঁর বাবা।
নিহতের মা অভিযোগ করে বলেন, ঘটনার দিনও আমার মেয়েকে বেধড়ক মারধর করা হয়। সেদিন বিকেলে আমার মেয়ে আমার বাড়িতে আসে কথা বলার জন্য, কিন্তু আখিকে খুব প্রয়োজন বলে দ্রুত বাবার বাড়ি থেকে নিয়ে যায় আখির ননদ। পরে ওই রাতেই আখিকে বিষপান করানো হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এমন ঘটনায় জানাজানি হওয়ার ভয়ে নিহত আখিকে মুখ বেঁধে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয় বলেও দাবি করেন তাঁর মা। এ ঘটনার ১ দিন পর অবস্থা বেগতিক দেখে তার পরিবারকে জানায় অভিযুক্তরা।
সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ অক্টোবর দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে আখি আক্তারের মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
নিহতের বাবা আলম মিয়ার অভিযোগ, তাঁর মেয়ের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁকে নির্যাতন করা হয়েছে এবং জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে স্বামী খোকন মিয়াসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনায় নিহতের বাবা লিখিত অভিযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার চেয়েছেন। তাঁর দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে, ২৫ বছর বয়সী আখি আক্তারের এমন মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন।
তবে এ ঘটনায় অভিযুক্ত স্বামী খোকন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। বাড়িতে গিয়েও দুটি ঘরে তালা দেখতে পাওয়া গেছে। এ ঘটনার পর থেকেই খোকনের পরিবারের লোকজন পলাতক বলে জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৃশ্যপট/ অ প্র