
রাজীব কুমার মালো ,ঝালকাঠী প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৫০০টি গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাননীয় মহিলা সংরক্ষিত সংসদ সদস্য জীবা আমিনা খান-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান।
এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জীবা আমিনা খান এর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।