
মো:সাকিব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলায় শিক্ষার্থীরা নিজ হাতে প্রস্তুত করা বিভিন্ন পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার প্রদর্শন করেন। মেলার মূল উদ্দেশ্য ছিল পুষ্টি ও ডায়েটিক্স বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি শিক্ষার্থীদের প্রস্তুত করা খাবারের গুণগত মান, পুষ্টিগুণ ও উপস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং এ ধরনের শিক্ষামূলক আয়োজনের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুর সাভার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান এবং নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগমসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
খাদ্য মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল আহাদ, আবু তাহেরসহ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থী।