
ন্যাশনাল ডেস্ক
শরীয়তপুরে জুলাইযোদ্ধা জাকির হোসেন মিন্টু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বুধবার (০৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ ও নিন্দা জানান।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। তবে, কোনো অবস্থাতেই সহিংসতা, সংঘর্ষ কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কর্মকাণ্ড অবশ্যই শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও আইনসম্মত হতে হবে।’
তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাভঙ্গ বা সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় সংসদের হুইপ জানান, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তদন্তে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।