
শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিরাজগঞ্জ অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার ভূঁইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে ছয়টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহসাধারণ সম্পাদক পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন, অর্থ সম্পাদক পদে দুজন এবং সড়ক সম্পাদক পদে দুজন প্রার্থী রয়েছেন।
সমিতির মোট ৩৬০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মণ্ডল। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন ভূঁইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন।
নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।