1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

রায়গঞ্জে সড়কের পাশে দোকান, বাড়ছে যানজট

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে বিভিন্ন দোকানপাট ও যানবাহনের অবস্থানের কারণে যান চলাচলে ধীরগতি তৈরি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। একই সঙ্গে দোকানপাটের বর্জ্য সড়কের পাশে জমে থাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয়দের ভাষ্য, ভুইয়াগাঁতী ওভারব্রিজের নিচ ও আশপাশের এলাকায় দোকানপাট থাকায় পথচারী ও যানবাহনের চলাচলের জায়গা কিছুটা সংকুচিত হয়েছে। এ ছাড়া লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত বিভিন্ন যানবাহন সড়কের পাশে অবস্থান করে যাত্রী ওঠানামা করায় ব্যস্ত সময়ে যান চলাচলে চাপ সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা রুবেল সরকার ও সুজন শেখ বলেন, ব্যস্ত সময়ে এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। সড়কের পাশে যানবাহন দাঁড়ানো এবং দোকানপাটের কারণে চলাচলে কিছুটা সমস্যা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতী খাতুন জানায়, সড়কের পাশে গাড়ি দাঁড়িয়ে থাকলে স্কুলে যাতায়াতের সময় রাস্তা পার হতে সমস্যা হয়।

ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামান বলেন, এলাকায় যানবাহনের চাপ থাকায় শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়। শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

নূরে মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুলের পরিচালক মাও. মো. জাকারিয়া হোসেন বলেন, ব্যস্ত সময়ে যানজট তৈরি হলে শিক্ষার্থীদের চলাচলে কিছুটা অসুবিধা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

পরিবেশ আন্দোলন বাংলাদেশ (বাপা) সিরাজগঞ্জের আহ্বায়ক দীপক কুমার কর বলেন, সড়কের পাশে বর্জ্য জমে থাকলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। নিয়মিত পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিয়মিত কাজ করছে। ভুইয়াগাঁতী এলাকার যান চলাচল পরিস্থিতিও গুরুত্ব দিয়ে দেখা হবে। তিনি জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয় প্রয়োজন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, সড়কে যানবাহন অবস্থান করে চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নজরদারিতে রাখা হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com