
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিসহ পাঁচজনকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যরা বিভিন্ন মামলার জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতরা হলেন—মোজাফফরপুর গ্রামের মো. আল আমিন, খৈচালা গ্রামের ভজন কুমার উরাও, হাটপাঙ্গাসি এলাকার চেয়ারম্যানপাড়ার আব্দুল মোতালেব প্রাং, দৈবগাতি গ্রামের মো. জাকির হোসেন এবং আকন্দপাড়া গ্রামের সুজন আকন্দ। তাদের সবার বাড়ি রায়গঞ্জ উপজেলায়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের নির্দেশনা অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং আদালতের ওয়ারেন্ট কার্যকরে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।