
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি মো. আয়নুল হক বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি করেন। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
সমাবেশে অন্যান্য বক্তারাও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।