
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভূঁইয়াগাতী, নিমগাছি ও চান্দাইকোনা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে গ্যাস সিলিন্ডারের মজুদসংক্রান্ত তথ্য গোপন করে অবৈধভাবে মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে বিস্ফোরক লাইসেন্স না থাকা এবং মূল্যতালিকা ও ক্রয় রসিদ সংরক্ষণ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স ছোয়া স্টোরের মালিক বাবলু কুমার তালুকদারকে ৫০ হাজার টাকা এবং মেসার্স নাফিউ এন্ড সজীব ট্রেডার্সের মালিক মো. ইয়াসিন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাজারে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআরবি-১২-এর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়।