
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের করা ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। এ ঘটনায় দেশের বিভিন্ন জেলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক দুটি স্থান থেকে চুরি হওয়া দুটি গরুও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং গরু দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি-১২।
এসআরবি-১২-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৯ জুন ২০২৬ তারিখ রাত ২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা। এ সময় চোরেরা একটি মিনি ট্রাক ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় গরুর মালিক মো. তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় একটি অজ্ঞাতনামা চুরির মামলা করেন। মামলাটি তাড়াশ থানার ১১ নম্বর, তারিখ ১৯ জুন ২০২৬। এতে দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।
ঘটনার পর থেকে মামলার তদন্ত চললেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মামলার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে এসআরবি-১২।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার পাইকপাড়া বাজারসংলগ্ন একটি মসজিদের সামনে প্রথম অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেল ৫টা ১০ মিনিটে রায়গঞ্জ থানার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে দ্বিতীয় অভিযান চালানো হয়। দুটি অভিযানে মামলার তদন্তে শনাক্ত হওয়া ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শালিয়াগাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৪১), একই উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রামের রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের সোহাগ (৩০)।
এসআরবি-১২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামের আজাদ (২৮) নামের এক ব্যক্তির বাড়ির দক্ষিণ দিকের উঠান থেকে একটি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়। একইভাবে কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকায় নুরন্নবী (২৮) নামের এক ব্যক্তির বসতবাড়ির দক্ষিণমুখী গোয়ালঘর থেকে আরও একটি গরু উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এসআরবি-১২, সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার ও অপারেশনস অফিসার ধীমান কুমার মন্ডল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি।
উল্লেখ্য, মামলায় চুরি হওয়া তিনটি গরুর মধ্যে এ পর্যন্ত দুটি উদ্ধার হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।