
মো.আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে শাকিল (২৫), পিতা- শামসুল হক, গ্রাম- চরনিকলা; শরিফুল (২৬), পিতা- আবদুল মজিদ, গ্রাম- মাটিকাটা; এবং বিদ্যুৎ (২৬), পিতা- আলহাজ্, গ্রাম- ঘাটান্দি, ভূঞাপুর, টাঙ্গাইলকে মাদক সেবনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ভুঞাপুর থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত তিনজনকে প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনাকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপস্থিত ছিলেন। তিনি মোবাইল কোর্টে মামলার প্রসিকিউশন দাখিল করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।