
বিনোদন ডেস্ক
মিডিয়া অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন মৌসুমী মৌ। করপোরেট মঞ্চ থেকে টেলিভিশনের পর্দা, কিংবা স্পোর্টস শো থেকে সেলিব্রিটি টকশো; সাবলীল উপস্থাপনার সুবাদে তিনি সব জায়গায় সমানভাবে সরব। এর বাইরে বিজ্ঞাপনেও রয়েছে তার নিয়মিত উপস্থিতি। তবে এত ব্যস্ততার মধ্যেও অভিনয়ের ক্ষেত্রে তিনি বেশ খুঁতখুঁতে। গল্পের গভীরতা ও চরিত্রের গুরুত্ব না থাকলে যে কোনো প্রস্তাবে রাজি হন না এই তারকা। বিশেষ করে দিবসকেন্দ্রিক নাটকে তার উপস্থিতি বেশি চোখে পড়ে।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে নিজের অভিনয়ের পছন্দ নিয়ে মৌসুমী মৌ জানান, অভিনয় তিনি করতে চান, তবে সব প্রস্তাব গ্রহণ করেন না। ভিকি জাহেদের পরিচালনায় ‘চক্র-২’-এ কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে তিনি সর্বোচ্চ মনোযোগ ও ডেডিকেশন দিয়েছেন এবং এমন মানসম্মত কাজের অংশীদার হতে চান। গতানুগতিক কিংবা কেবল ভিউয়ের ওপর ভিত্তি করে নির্মিত নাটকে কাজ করার কোনো ইচ্ছা তার নেই।
বর্তমান সময়ে ভিউনির্ভর নাটক বেশি তৈরি হয় এবং এতে সংশ্লিষ্টরা লাভবানও হন। এমন কাজ থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করে মৌ বলেন, তিনি মূলত ভিউ ঘরানার শিল্পী নন। স্পোর্টস শো, স্টার নাইট, সেলিব্রেটি টকশো বা রান্নার অনুষ্ঠানের মাধ্যমে তার যে দর্শকশ্রেণি তৈরি হয়েছে, ভিউকেন্দ্রিক কাজ করলে তারা অসন্তুষ্ট হতে পারেন। ভক্তদের মনে তৈরি হওয়া সেই আস্থার জায়গাটি তিনি হারাতে চান না।
অভিনয়ে বাছবিচার, ভিউয়ের দৌড়ে নেই মৌসুমী মৌ
অভিনয়ে বাছবিচার করলেও উপস্থাপনার ক্ষেত্রে মাসজুড়েই তার শিডিউল ভরা থাকে। তার ভাষ্যমতে, শারীরিক সুস্থতা থাকলে তিনি মাসে ত্রিশ দিনই কাজ করতে পারেন। তবে কিছুদিন আগে পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় একটানা একুশ দিন ‘স্টার নাইট’ ও ‘ক্যাফে লাইভ’ এর মতো নিয়মিত শো ছাড়া অন্য কোনো কাজ করতে পারেননি। সে সময় তিনি পুরোপুরি নিজের বিশ্রামে সময় দিয়েছিলেন। আসছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত তার সব শিডিউল বুকিং করা হয়ে গেছে, বড় বড় শোগুলো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আশা করছেন প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন।
ভিউনির্ভর শিল্পী না হয়েও দীর্ঘ শিডিউল ফাঁকা না থাকার রহস্য হাসিমুখে খোলাসা করেন মৌ। তিনি জানান, শোতে অতিথিদের অপ্রীতিকর বা নেতিবাচক প্রশ্ন করে বিব্রত করার সংস্কৃতি তার নেই। পজিটিভ প্রশ্ন ও আলোচনার মাধ্যমেই তার উপস্থাপনায় ভিউ আসে এবং দর্শক তা লুফে নেন।
অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও যুক্ত রয়েছেন মৌ। একটি ডিটারজেন্ট পাউডারের শুভেচ্ছাদূত হওয়ার পাশাপাশি ইস্পাহানি মির্জাপুর চা এর সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এই ব্র্যান্ডের সুবাদেই চ্যানেল আইতে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইস্পাহানি বাংলাবিদ’ এর উপস্থাপনা করবেন এই তারকা।