
নিজস্ব প্রতিবেদক। দৃশ্যপট অনলাইনঃ
চিকিৎসা শেষে ১১ দিন পর সিরাজগঞ্জে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে সংবর্ধনা দেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকার চিকিৎসা শেষে ব্যক্তিগত গাড়িতে করে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পৌঁছান সাইদুর রহমান বাচ্চু। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
পরে প্রায় এক হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তাকে সিরাজগঞ্জ শহরের মুন্সী মেহেরউল্লাহ সড়কে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগান ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে সড়কটি।
নিজ বাসভবনে সংবর্ধনা অনুষ্ঠানে সাইদুর রহমান বাচ্চু বলেন, “আপনাদের ভালোবাসার জোরে আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে আমার খোঁজখবর নিয়েছেন এবং তাঁর রাজনৈতিক সচিবকে পাঠিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “আমাদের সিরাজগঞ্জের কৃতিসন্তান ইকবাল হাসান মাহমুদ, যিনি আমাকে ভালোবাসেন, তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন হাসপাতালের বেডে ছিলাম, সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা আমার জন্য দোয়া করেছেন এবং খোঁজখবর নিয়েছেন।”
এ সময় তিনি সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তার ছেলে তানভীর মাহমুদ তাসিন।
সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর প্রচণ্ড মাথাব্যথা ও বুকব্যথায় অসুস্থ হয়ে পড়েন সাইদুর রহমান বাচ্চু। পরদিন ২০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাইকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বৃহস্পতিবার বিকেলে নিজ জেলা সিরাজগঞ্জে ফেরেন তিনি।